চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হওয়া গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলার পরিকল্পনাকারী ও নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহফুজের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে ৩ সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে ৯জন ইতালির, ৭জন জাপানি ও ১জন ভারতের নাগরিক। বাকি ৩জন বাংলাদেশি।

নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন। ওই রাতেই ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।

পরদিন সকালে সেনা কমান্ডোদের পরিচালিত অপারেশন ‘থান্ডারবোল্টে’ রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল নামে ৫ জঙ্গি নিহত হন।

ওই ঘটনার পর গুলশান থানা পুলিশ মামলা দায়ের করে। মামলাটি তদন্তের দায়িত্ব পরবর্তীতে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

এমবি