বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার এক আসামী ৬ বার তার নিজের নাম-পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা করছেন। সম্প্রতি এলিটফোর্স র্যাবের ক্রিমিনাল ডাটাবেজে তার পরিচয় উঠে এসেছে। শিগগিরি তাকে আটক করা হবে।
বৃহস্পতিবার সকালে র্যাব সদরদফতরে চল্লিশ হাজার অপরাধীর ‘ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধনকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
চল্লিশ হাজার অপরাধীর তথ্য সম্বলিত ডিজিটালাইজড ডাটাবেজ তৈরি করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিকায়ন করা হচ্ছে ‘শিল্প পুলিশ, নৌ পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ পুলিশে ৫০ হাজার সদস্য বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে সরকারের।’
সাইবার ক্রাইম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তা বিবেচনা করে সাইবার ইউনিট গঠন করার পরিকল্পনাও রয়েছে।
জঙ্গীবাদ দমনে র্যাব-পুলিশ যৌভ উদ্যোগে কাজ করছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘র্যাব প্রতিষ্ঠার পর তাদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে, নিজেদের প্রমাণ করেছে। এই ডাটাবেজ তাদের যোগ্যতা ও সক্ষমতার একটি উদাহরণ।’
র্যাবের কর্মকাণ্ড নিয়ে সমালোচকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘র্যাব যে দুই একটি অপকর্ম করেনি তা নয়। যারা দুষ্কর্ম করেছে তাদের বিচার করা হয়েছে। তবে ঢালাও ভাবে তাদের সমালোচনা করা ঠিক নয়। আমি বলি সাধারণ মানুষ র্যাব সম্পর্কে কি বলে।’
জেইউ/এএইচ





