মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলার সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেছেন বিচারক।
রোববার বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এর আগে রোববার সকাল ৯টা ১৯ মিনিটে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মীর কাসেম আলীকে।
মীর কাশেম আলীর বিরুদ্ধে আনিত ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নাম্বার অভিযোগ ছাড়া বাকী সব অভিযোগই আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে।
গত বছরের ৬ মে মীর কাশেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪ টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষ জমা দেন।
২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকালে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
কেএ/ এআর





