পেশাদার সিএনজি চোর দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। ১১ এপ্রিল ডিবি পুলিশ রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- জাহিদ (২৫), চক্রের মূলহোতা সেলিম (৩২) এবং তার অপর দুই সহযোগী নজরুল (২৮) ও সোহেল (২৬)।
তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়- ১৫ জনের একটি চক্র বিভিন্ন গ্রুপে কাজ করে থাকে। গ্রুপের কিছু সদস্য রাজধানীর বিভিন্ন এলাকায় শরবত বা চায়ের দোকান দিয়ে বসে। আরো কিছু সদস্য আশেপাশে ওঁৎ পেতে থাকে। সিএনজি চালিত অটোরিকশা চালক শরবত বা চা পান করতে গেলে কৌশলে তার মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়া হয়।
পরবর্তীতে তাদের ২/৩ জন ওই সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে। পেছন থেকে ২/৩ জনের আর একটি দল তাদেরকে অনুসরন করে। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার নেশায় আক্রান্ত হলে অনুসরনকারী দলের সদস্যরা সিএনজি চালিত অটোরিক্সাটির নিয়ন্ত্রণ নেয় এবং কোন সুবিধাজনক স্থানে ড্রাইভারকে ফেলে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চলে যায়।
তারা আরও জানায়, সিএনজি চালিত অটোরিকশার গায়ে লিখিত মালিকের নাম্বারে ফোন করে ৫০ হতে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করে। কমপক্ষে ৫০ হাজার টাকা দিতে রাজি হলে তারা বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। টাকা পেলে তারা সিএনজিটি কোথাও রেখে মালিককে উক্ত স্থান জানিয়ে দেয়। কখনও কখনও টাকা পেলেও তারা সিএনজি চালিত অটোরিকশাটি ফেরত দেয় না।
তারা জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে তাদের বিশেষ পরিকল্পনা আছে। এই উদ্দেশ্যে তারা তাদের চক্রের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
এআই, জেএ





