আদালত অবমাননার দায়ে বিটিসিএল’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস ও এম কলিমুল্লাহকে চার মাসের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরো একমাস জেল খাটতে হবে সাবেক এই সরকারি কর্মকর্তাকে। যিনি গত ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি এম আর হাসানের হাইকোর্ট বেঞ্চ এই সাজার রায় ঘোষণা করেন।

জানা যায়, অক্সিনেল সার্ভিসেস লিমিটেড নামে একটি টেলিকম কোম্পানি বিটিসিএলের সঙ্গে ব্যবসায়িক সূত্রে ব্যাংক গ্যারান্টির টাকা জমা রাখে। কিন্তু পরে কোম্পানিটি ৮০ লাখ টাকা জমা রেখে বাকি টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আবেদন করে। কিন্তু বিটিসিএল এতে সাড়া দেয়নি। পরে কোম্পানির পক্ষে হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন করা হয় এবং হাইকোর্ট কোম্পানিটির পক্ষে রায় দেয়।

হাইকোর্টের রায়ের ভিত্তিতে কোম্পানিটি ব্যাংকে টাকা তুলতে গেলে বিটিসিএল ফের আপত্তি জানায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি হাইকোর্টে আদালত অবমাননার বিষয়টি জানায়।

হাইকোর্ট পরে রুল জারি করেন।

জেএ