ময়মনসিংহে এক কনস্টেবলের বস্তাবন্দি লাশ বহনের সময় তার সাবেক স্ত্রীসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত কনস্টেবল সাইফুল ইসলাম ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের টাউনহল মোড়ে থেকে নিহত কনস্টেবলের সাবেক স্ত্রী তাসলিমা নাসরিন (৩০) ও তার বর্তমান স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাসলিমার বর্তমান স্বামী আলাউদ্দিনও একজন কনস্টেবল। তিনি নারায়ণগঞ্জে কর্মরত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাসলিমার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট হলেও তিনি শহরের কাচিঝুলি এলাকায় থাকতেন।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, মঙ্গলবার রাতে শহরের কাচিঝুলি থেকে মালপত্রসহ ব্যাটারি চালিত অটোরিকশায় করে কলেজ রোডে আসে আলাউদ্দিন ও তাসলিমা। পরে প্রাইভেটকার ভাড়া নিয়ে গাজীপুর যাওয়ার পথে শহরের টাউন হল মোড়ে লাশের গন্ধ পেয়ে সন্দেহ হয় এর চালক আরিফের।
আরিফ বিষয়টি স্থানীয় চালকদের জানালে তারা লাশসহ আরোহী পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী তাসলিমাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ লাশসহ ওই দুই জনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।
ময়মনসিংহের ওসি ফজলুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাসলিমার প্রথম স্বামী সাইফুল হলেও পরে আলাউদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
পারিবারিক বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





