একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।
তার সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলে ও আইনজীবীরা দেখা করতে গেলে মীর কাসেম আলী একথা জানান।
পরে মীর কাসেম আলীর আইনজীবী মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলী মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এজন্য আমাদের প্রস্তুতি নিতে বলেছেন।
রিভিউ শুনানিতে মীর কাসেম আলী খালাস পাবেন বলেও মনে করেন তিনি।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ছেলে ও আইনজীবীসহ ৫ জন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আছেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসি কনডেম সেলে বন্দি রাখা হয়েছে।
এমআর





