সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে আবুবকর সিদ্দিক সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল টাকা পয়সা নিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে আহত এসিল্যান্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএস