রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো: সাব্বিরের (২০) কাছ থেকে চোরাই ওয়াল্টন ৮০-সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় গত ২৭ জানুয়ারি একটি মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে ওই দিন মোটরসাইকেলের মালিক নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ সাব্বিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি সাব্বিরকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমবি