জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আটক করতে গিয়ে আটক হয়েছেন মেহেরপুর ডিবি পুলিশের এক কনস্টেবল। ওই ডিবি পুলিশকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার বিকালে মেহেরপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান অসুস্থতার কারণে বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বর থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন।
এসময় গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন রিকশার হ্যান্ডেল চেপে ধরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের পরিচয় জানতে চান। পরিচয় দেয়ার পরও ম্যাজিস্ট্রেটকে ওই কনেস্টবল অসম্মানজনক ভাষায় কথা বার্তা বলেন এবং আটক করার চেষ্টা চালান।
পরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমান তার নিজ এজলাসে ফিরে যান। এরপর পুলিশের মাধ্যমে ডিবির ওই কনস্টেবলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে দণ্ডবিধির ৩৫২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





