গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবী জয়নুল আবেদীন মেজবা ফের জামিনের আবেদন করেন।
অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আবেদন মঞ্জুর করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কেএইচ





