নিহত হবার আগে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের সাধারণ ডায়রি (জিডি) না নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে মতিঝিল বিভাগের অতিরিক্ত-উপপুলিশ কমিশনার (এডিসি) তারেক বিন রশিদকে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারি কমিশনার (এসি) মো. নুর আলম ও কাজী ফরিদ হোসেন।

ডিএমপি সূত্র জানায়, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি বলে নিহত হওয়ার আগে ফেসবুকে ব্লগার নীলাদ্রি স্ট্যাটাস দিয়েছিলেন। সেসব তথ্য উল্লেখ করে শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, ব্লগার নীলাদ্রির ফেসবুক স্ট্যাটাস থেকে তথ্য নিয়ে গণমাধ্যমে পুলিশের জিডি না নেয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি আসলে কোন থানায় করতে তা গিয়েছিলেন, কেনো জিডি নেয়া হয়নি সে বিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জিডি না নেয়ার ঘটনায় যদি কোনো পুলিশ সদস্যর গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে নীলাদ্রি কোন থানায় গিয়েছিলেন সেটা তার স্ট্যাটাসে উল্লেখ করেন নাই।

এএইচ