ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার ধানমিন্ডতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার প্রধান হান্নান সরকার।

তিনি বলেন, ‘ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ইলিয়াস বিন হেলালীকে রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যায়নপত্র দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো: মোজাম্মেল হোসেন। গত ১ ফ্রেব্রুয়ারি ২০১৫ তারিখে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রত্যয়নপত্রটি বিভিন্ন গণমাধ্যমে আসে।

প্রধানমন্ত্রীর নিকট দেয়া প্রত্যায়নপত্রে সংসদ সদস্য মোজাম্মেল হোসেন বলেন, হেলালীর পিতা ও চাচা মুক্তিযুদ্ধের সময় অস্ত্রধারী সক্রিয় রাজাকার ছিল। তার বড় ভাই আবু সালেহও একজন সক্রিয় রাজাকার ছিল।

অপরদিকে, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন শিকদারও এক প্রত্যয়নপত্রে বলেছেন, ইলিয়াস হেলালীর বাবা, চাচা ও ভাই রাজাকার ছিল। তার ভাই আবু সালেহ বর্তমানে যুদ্ধাপরাধীর মামলার ৮ নম্বর আসামি। তাদের পরিবারকে এলাকার মানুষ রাজাকার পরিবার হিসেবে জানে। আমি তার বিচার দাবি করছি।

ইআর, কেবি