বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই নির্দেশ দেন।

এদিন শমসের মবিন চৌধুরীকে আদালতে হাজির করে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক শহিদুল হক। আদালত আবেদনের শুনানি শেষে শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১০ জানুয়ারি তাকে শাহবাগ থানার মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। গত ৯ জানুয়ারি রাত সোয়া ১১টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএসের বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

গত ২৪ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানার পুলিশ এই মামলা দায়ের করে।

এমকে