ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি কারাগারে প্রবেশ করেন।

এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে অ্যাডিশনাল আইজি (প্রিজন) বজলুল কবির সন্ধ্যা ৭টার দিকে কারাগারে প্রবেশ করেন।

এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর সোয়া একটার দিকে দু’জন ডেপুটি জেলার আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ নিয়ে গেছেন। ডেপুটি জেলার মোহম্মদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে দু’জন অতিরিক্ত সচিব, একজন উপসচিবসহ কারা শাখার সংশ্লিষ্টরা মন্ত্রণালয় আসেন। সকাল পৌনে ১০টার দিকে কারাগার থেকে দু’জন ডেপুটি জেলার আসেন। এর পরই কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর করার বিষয়ে নির্বাহী আদেশের নোটশিট তৈরি করা হয়। সংশ্লিষ্টদের স্বাক্ষর সম্পন্ন করে আদেশটি কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারে পৌঁছানোর পর ডেপুটি জেলার মোহম্মদ লাভলু দুপুর ১টা ৩৭ মিনিটে দ্য রিপোর্টকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।

তবে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাস্তবায়ন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেএ