বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান’সহ ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ (০২ ডিসেম্বর) রোববার কেরানীগঞ্জ থানায় নাশকতার ২ মামলায় ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম ফাইরুজ তাসনীম এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, আজ (০২ ডিসেম্বর) দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে ২ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য কিন্তু আমানসহ ১৬৯ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন নাকচ করে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাবুল আরও বলেন, আগামী ১৩ জানুয়ারি এই মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কি না, এই ব্যাপারে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ০২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটান অজ্ঞাত আসামিরা। এই ঘটনায় কেরানীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ।

পরবর্তী সময়ে, ২০১৮ সালের ১৮ নভেম্বর আমানউল্লাহ আমান’সহ ১৬৯ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক ২টি অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে বদলি হয়ে আসে।

এমবি