সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছেন। এ সময় আদালত জানিযেছেন নির্ধারিত সময়ের মধ্যে সারসংক্ষেপ জমা না দিলেও শুনানি শুরু হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আজ সুপ্রিম কোর্টের কার্যতালিকায় ছিল মামলাটি।
সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর ২০০৪ সালের ২১ মে গ্রেনেড হামলা করা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত ও দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০০৯ সালে আসামিরা জেল আপিল করেন।
গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হলে বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করা হয়।
গত ১৪ জুন রায় হাতে পাওয়ার পর ১৪ জুলাই আপিল করে আসামি পক্ষ।
নাজিব





