মুনছুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।ঘটনার পর ৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০ টার দিকে নাটোরের নলডাঙ্গায় উপজেলার মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে ।মুনছুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাতে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত মুনছুরকে বাড়ি থেকে ডেকে রাস্তায় এনে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী নেওয়ার পথে ৩ টি ভুটভুটি নিয়ে হামলাকারীরা পুনরায় অ্যাম্বুলেন্সে আক্রমণ চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ মিজান, উজ্জ্বল, ফারুক, জাহিদুর, শিমুল নামে পাঁচ হামলাকারীকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত ভুটভুটি থেকে লাঠি, রড, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আহতের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে শনিবার সকালে নলডাঙ্গা থানায় ১৪/১৫ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেছেন।

ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ