অর্থ পাচারের দুইটি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ২৬ নভেম্বর শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
মামলাটির অন্যতম আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ আদালতে হাজির হতে না পারায় আসামিপক্ষের সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ৫ নভেম্বর মামলা দুইটির আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। বাকি শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।
মামলার তথ্য সূত্রে জানা যায়, প্রায় ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দুইটি মামলা করে। ২০১৪ সালের ৪ মে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়।
চার্জশিটের ৫১ আসামির মধ্যে ৪৬ জন পলাতক আছেন। আসামিদের মধ্যে এমডি মোহাম্মদ রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন। পলাতকদের মধ্যে সাঈদুল ইসলাম খান সম্প্রতি বরিশালে গ্রেফতার হয়েছেন। আর একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।
এ ছাড়া ডেসটিনি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিনসহ ৪৬ আসামি পলাতক রয়েছেন।
২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি দায়ের করেন।
এমআর





