মারধর, চাঁদাবাজী ও হত্যার অভিযোগে হাজারীবাগ থানার এসআই মিজানুর রহমান (বর্তমানে কদমতলি থানা) ও এএসআই আবুল কামাল আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফারুক নামে এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে কেরাণীগঞ্জ থানার পূর্ব শহিদনগর ন্যাশনাল কিন্ডারগার্ডেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী ফারুক মহানগর হাকিম এসএম মাসুদ জামান এর আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, আসামিদ্বয় বাদীর নিকট থেকে ৫০ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে মামলা এবং হত্যার ভয়ভীতি দেখায় তারা।

অভিযোগে আরো বলা হয়, বিগত ২৬ মার্চ রাত ৮ টায় ২০ লাখ টাকা আসামিদের চাঁদা দেন এবং বাকি ২০ লাখ টাকা বাকি থাকায় ওই ব্যবসায়ীকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছিলেন কদমতলি থানার ওই পুলিশ কর্মকর্তারা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন। এ মামলার সাক্ষী সংখ্যা ২১ জন।

জেএ