বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণে জ্বালানি ইস্যুর মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় অভিযোগের তীর বাংলাদেশ টেলিভিশনের যানবাহন শাখার সহকারী পরিচালক আক্কাস হোসেনের বিরুদ্ধে।
প্রতিষ্ঠানটির ওই পরিচালক গাড়িচালকের স্বাক্ষর জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, এমন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এরই মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে কমিশন অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক বিধি মোতাবেক দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া দিয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের যানবাহন শাখার সহকারী পরিচালক আক্কাস হোসেন গাড়িচালকের স্বাক্ষর জাল করে প্রতিদিন প্রয়োজনের তুলনা দ্বিগুণ পরিমাণ জ্বালানি তেল প্রতিষ্ঠানটির ওই শাখা থেকে ছাড় করিয়েছেন। যা পরবর্তীতে বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাতের করেছেন। ২০১৪ সালের শেষের দিনে প্রেরিত অভিযোগের প্রেক্ষিতে কমিশন অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে বিটিভির কাছ থেকে যানবাহন শাখার নথিপত্র তলব করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। নথিপত্র যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই তাকে তলব করবে বলেও দুদক সূত্রে জানা যায়।
দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার অভিযোগটি অনুসন্ধান করছেন। আর তদারকি করছেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার।
কেএইচ





