৭১'র মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  কিশোরগঞ্জের তারাইল উপজেলার রাজাকার কমান্ডার ছৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আগামী ৫ আগস্ট  আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেন।

আজ এ মামলায় তদন্তের অগ্রগতি বা আনু্ষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু প্রসিকিউটর আবুল কালাম ট্রাইব্যুনালের কাছে প্রস্তুতির জন্য সময় আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

এদিকে আসামি হাসান আলীর বিরুদ্ধে তদন্ত  চূড়ান্ত  করে প্রসিকিউশনের দাখিলের ঘোষণা দিয়েছে তদন্ত সংস্থা। রোববার ধানমণ্ডিতে স্থাপিত তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থা এ ঘোষণা দেয়।

সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। 

হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের মতো ৬টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

তার  বিরুদ্ধে গত তিন এপ্রিল ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলেও  এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি।

 

ঢাকা, কেএ, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ//এসএইচ