বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী শ্রমিকের সঙ্গে (১৫) শারীরিক সম্পর্ক করেছে তার সহকর্মী রমজান আলী। এ অভিযোগ করেছেন ওই কিশোরীর বড় বোন। রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, বামনারটেকে একটি লাইলস ফ্যাক্টরিতে তার বোন কাজ করে। ওই ফ্যাক্টরির অপর শ্রমিক রমজান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল।

এরই এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় রমজানকে বিয়ের জন্য চাপ দেয় সে। কিন্তু রমজান বিয়েতে রাজি হয়নি। বরং টাইলসে ব্যবহৃত একটি তরল ক্যামিকেল তার বোনকে খাইয়ে দেন রমজান। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, ধর্ষণের অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, জানতে পেরেছি রমজানের সঙ্গে তার প্রেম ছিল। প্রেম প্রত্যাখান করায় ওই কিশোরী নিজেই ক্যামিকেল পান করেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রমজানকে থানায় আনা হয়েছে।

জেএ