বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন আকাশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ কিছুটা সুস্থ হলে তার অনুমোদন নিয়েই এ মামলা করা হবে বলে জানিয়েছে বিকাশের পরিবারের সদস্যরা।
বিকাশকে নির্যাতনের বিষয়টি তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। গত শুক্রবার ধোলাইপাড় এলাকায় শহর পরিচ্ছন্নতা কাজ তত্ত্বাবধান করতে যাওয়ার পথে পুলিশের নির্যাতনের শিকার হন বিকাশ।
বিকাশ চন্দ্রের বড় ভাই দীপক কুমার দাস বলেন, ‘আমি নিজেও একজন সরকারি চাকরিজীবী। নিয়ম আছে সরকারি কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করার সময় কারো দ্বারা হামলার শিকার হলে ওই অফিস বা বিভাগ মামলা করবে। এ নিয়ে করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্ন বিভাগসহ বিভিন্ন ইউনিয়ন অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা সবাই মামলা করার পক্ষে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নেতারা ইতিমধ্যে মামলা প্রসঙ্গে আলাপও করেছেন।
এদিকে সোমবার পুলিশের তদন্ত কমিটি ল্যাবএইড হাসপাতালে আসে। ডিআইজিসহ তিনজনের এ দলটি বিকাশের সঙ্গে কথা বলতে আসলেও তিনি সুস্থ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তারা।
সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, এসআই আকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি কী ধরনের ব্যবস্থা নেয়, তা দেখার পরই মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, এসআই আকাশকে ওই দিনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তার বিরুদ্ধে বাকি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিটির প্রতিবেদনের পরই। ইতিমধ্যে তদন্তে তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এসআই আকাশ মুঠোফোনে বলেন, ‘যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি। তারপরও যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে করার কিছুই নেই। আর ভাই, পুলিশে চাকরি করতে এসে বিপদে পড়লে তার পাশে কেউ এসে দাঁড়ায় না। এখন মনে হচ্ছে চাকরিই ছেড়ে দিই।
সন্ধ্যায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। প্রতিবেদন পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ বুধবার শেষ হচ্ছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আলটিমেটাম। দুদিন আগে তারা এক মানবন্ধনে এসআই আকাশের দৃষ্টাস্তমূলক শাস্তি দাবি করেন। তা নাহলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেওয়া হয়।
এমএম





