সোমবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় উদ্ধার করা ফুটপাতের এ সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানান, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তিনি বলেন, "আমরা কাউকে উচ্ছেদ করে গরিব হকারদের পুঁজির ক্ষতি করতে চাই না। এজন্যই তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ এবং অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মূল রাস্তা বন্ধ করে বা অনুমতি ছাড়া অন্য কোথাও হকার বসলে মালামাল ক্রোকসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

যে এলাকা দিয়ে আগে পথচারীরা চলাচলে অস্বস্তি বোধ করতেন, নিরলস প্রচেষ্টায় সেটিকে হকারমুক্ত করা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, "শিল্পকলা একাডেমি সংলগ্ন এই এলাকাটিকে একটি পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি জানান, করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা স্থানটি নিয়মিত পরিষ্কার রাখবেন। তবে এর সৌন্দর্য ও পরিবেশ টিকিয়ে রাখতে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঢাকাকে একটি 'ক্লিন অ্যান্ড গ্রিন' নগরীতে পরিণত করতে সাংবাদিক, হকারসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি যোগ করেন, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য রাখা শুধু সরকারের একা নয়, সকল ঢাকাবাসীরই নাগরিক দায়িত্ব।

এমএম