শনিবার (৫ সেপ্টেম্বর) ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিএসসিসির ১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও বাসাবাড়ির আঙিনা এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে নাগরিকদের উৎসাহিত করা হয়।
এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে নাগরিক ও সামাজিক অংশীদারিত্বের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডিএসসিসি কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্ন নগর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যেই নিয়মিত এমন কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে।
এনএইচ