ঢাকার সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। ৩১ অক্টোবর এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন।

আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাইফুল ইসলামের পক্ষে সময় আবেদন করেন সাবেক বিচারপতি শিকদার মকবুল হক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলি (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের দুদিন পর গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় সাইফুল ইসলাম, মো. আল-আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে সেলিম চৌধুরী ছাড়া অন্য চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ২০১২ সালের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এক রায়ে ওই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালের ১৮ নভেম্বর নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ ছাড়া তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও একজনকে খালাস দেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মো. আল-আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম। আর খালাস পান সেলিম চৌধুরী। তবে শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

এএস