স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নাজমুল মোল্লা (১৭) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৮টার দিকে মাদারীপুর জেলার শিবচরের শিরুয়াইল এলাকার সিকান্দার মোল্লার ছেলে নাজমুলকে এ শাস্তি দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল নাজমুল।

বিষয়টি পুলিশকে অবহিত করলে শনিবার বিকালে শিবচর থানার এসআই রেজাউল করিম বখাটে নাজমুলকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. শাজাহান মিঞা জানান, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বখাটে যুবককে আটকের পর শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মমিন উদ্দিন ওই দণ্ডাদেশ দেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর