রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেনের বিরুদ্ধে শাহীন কবির নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় বাংলাদেশ পরমাণু গবেষণা শক্তি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাবা আবদুল আলীম যুবরাজ জানান, তাঁর ছেলে শাহীন কবির রড-সিমেন্টের ব্যবসায়ী। কয়েক দিন ধরে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাদিম ও তাঁর সঙ্গীরা শাহীনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। তবে শাহীন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
শাহীনের বাবা আরো জানান, গতকাল রাতে শাহীন প্রাইভেটকারে করে বাংলাদেশ পরমাণু গবেষণা শক্তি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় নিজের নির্মাণাধীন মার্কেটের সামনে পৌঁছায়। ওই সময় নাদিম ও তাঁর লোকজন শাহীনের গাড়িতে গুলি চালায়। গাড়িটিতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে গুলি করে শাহীনের মৃত্যু নিশ্চিত করে সটকে পড়ে তারা।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, যে স্থানে ঘটনাটি ঘটেছে, তা দুটি থানার সীমান্তবর্তী এলাকা। তাই কোন থানায় মামলা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
অভিযোগ থাকা ব্যক্তি ও নিহত ব্যক্তির বাড়ি আশুলিয়ায়। তাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আশুলিয়া থানায় মামলা করা হতে পারে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবিএইচ





