প্রাণী সম্পদ অধিদফতরের সাবেক ডিজি মো. আশরাফ আলীকে অতিরিক্ত মূল্যে গবাদি পশুর (প্রাণীর) রোগ জীবানু প্রতিষেধক ভেকসিন তৈরির মেশিন ক্রয়ে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ সহকারি পরিচালক মো. জয়নাল আবেদীন বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র মতে, প্রাণী সম্পদ অধিদফতরের সাবেক ডিজি মো. আশরাফ আলী এবং প্রকল্প পরিচালক ভেটেরিনারী ডা. মোস্তাফিজুর রহমান গং ২০১২ সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে গবাদী পশুর নানা রোগ জীবানু প্রতিশেধক ভেকসিন তৈরির মেশিন ক্রয়ের জন্য টেন্ডার আহবান ও কার্যাদেশ সম্পন্ন করেন। তারা তড়িঘড়ি করে ’মেসকনসোটিয়াম লিমিটেডের’ মালিক ও এমডি সালেহ আহমেদকে কোরিয়ান মেশিন সরবরাহের কার্যাদেশ দেন।

শুধু তাই নয়, ২০১২ সালের ১০ জুন ওই ঠিকাদারকে গবাদী পশুর নানা রোগ জীবানু প্রতিশেধক ভেকসিন তৈরির মেশিন ক্রয়ের মূল্য হিসেবে ৩ কোটি ৯২ লাখ টাকার বিল পরিশোধ করা হয়।

অভিযোগ রয়েছে, অধিক মূল্যে কোরিয়ার তৈরির মেশিন ক্রয়ের ফলে, সরকারকে বাজার মূল্যের চেয়ে ১ কোটি ৭৩ লাখ টাকা বেশির বিল পরিশোধ করা হয়।

পরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন খান ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। তার প্রতিবেদনের মেশিন ক্রয়ের টেন্ডারে অনিয়ম এবং অধিক মূল্যে মেশিন কয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে  কমিশন গত বছর জুন মাসে দুদকের উপ সহকারি পরিচালক মো. জয়নাল আবেদীনকে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেন।

দুদক অনুসন্ধানী কর্মকর্তা এ পর্যন্ত  প্রাণী সম্পদ অধিদফতরের সাবেক ডিজি মো. আশরাফ আলী এবং প্রকল্প পরিচালক ভেটেরিনারী ডা. মোস্তাফিজুর রহমানসহ গবাদী পশুর নানা রোগ জীবানু প্রতিষেধক ভেকসিন তৈরির মেশিন ক্রয়ের জন্য টেন্ডারের সঙ্গে জড়িত প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা যায়।

একে/এসএইচ