নেত্রকোনায় অ্যাসিড মামলায় সতিন ও তার ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সদর উপজেলার বাঘড়া গ্রামের ভিকটিম হাজেরা খাতুনের সতিন আবদুল ওয়াদুদের প্রথম স্ত্রী রেজিয়া তার ছেলে আবদুল বারেক এবং ওই গ্রামের হাসজত আলীর ছেলে সিদ্দিক। এদের মধ্যে সিদ্দিক পলাতক রয়েছে।
আদালত সূত্র জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে রেজিয়া তার ছেলে বারেক ও সিদ্দিককে সঙ্গে নিয়ে হাজেরা খাতুনকে অ্যাসিডে ঝলসে দেয়। এতে হাজেরার চোখ নস্ট হয়ে যায়। এ ঘটনায় হাজেরার বোন একই উপজেলার ঝাউশী গ্রামের সাহেরা খাতুন বাদী হয়ে ঘটনার পরদিন তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে একই সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল হক।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





