ঢাকার সাভারে ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী মার্কেটের পাশে বিরুলিয়া রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মোহসিন খাঁন (২৪)। তিনি সাভারের পানধোয়া এলাকার সিরাজ খাঁনের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন জানান, চৌরুঙ্গী মার্কেটের পাশে বিরুলিয়া রোডে দুর্বৃত্তরা মোহসিনকে কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই আবিদ।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এই ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমবি





