শরীয়তপুরে লিংকন হত্যা মামলায় দু্ই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার বুধবার এ রায় দেন।

আসামিরা হলেন সোহাগ হাওলাদার, আতাবুর রহমান ওরফে বাবুল। রায়ে আসামিদের ফাঁসির দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বিচারক মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন।

এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ জুন দুপুরে মোজাম্মেল খানের ছোট ছেলে লিংকনকে মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল ডেকে নিয়ে যায়। লিংকনের সঙ্গে মোটরসাইকেল ছিল।

অপহরণ করে নির্জন জায়গায় নেওয়ার পর জুসের সাথে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে লিংকনকে খাওয়ানো হয়। অচেতন হয়ে পড়লে তার গায়ের শার্ট গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লিংকনের লাশ পাটখেতের মধ্যে রেখে মোটরসাইকেল নিয়ে চলে যায়। রায়ের আগে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

এসএ