চট্টগ্রামে মাজারে 'নেংটা ফকির'সহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় চার সাক্ষীকে আদালতে নিজেই জেরা করেছেন 'জঙ্গি' সুজন ওরফে বাবু।
সুজনের আইনজীবী না থাকায় রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হলেও এ আইনজীবীর ওপর তার কোনো আস্থা নেই বলে আদালতকে জানায় সুজন। পরে আদালতের অনুমতি নিয়ে নিজেই চার সাক্ষীকে জেরা করেন।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ মো. শাহেনূর এর আদালতে এ সাক্ষী ও জেরা অনুষ্ঠিত হয়।
সাক্ষী দেওয়া চারজন হলেন- ফজলুল করিম, মো. মনির হোসেন, সাজ্জাদ কবির ও রিনা বেগম।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, 'মাজারে জোড়া খুনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় চার জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামি জঙ্গি সুজনের পক্ষে তার কোনো আইনজীবী ছিল না। তাই রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর ওপর আসামি আস্থা রাখতে না পেরে তিনি নিজেই সাক্ষীদের জেরা করতে আদালতের অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি চার সাক্ষীকে জেরা করেন। আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের দিন ধার্য্য করা হয়েছে।'
প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজারের পূর্বাচল এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে নেংটা ফকিরের কথিত মাজারে দু’জনকে গলাকেটে হত্যা করা হয়। নিহতরা হলেন- মাজারের ফকির রহমত উল্লাহ (৬০) এবং তার খাদেম মো. আব্দুল কাদের (৩০)। আসামি জেএমবি সদস্য সুজন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার হরিণদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
এসএ





