জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত দুটি আবেদনের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদকে পুনরায় জেরা ও মামলার তদন্ত নথী তলব চেয়ে করা আবেদন দুটি খারিজ করে দেয় হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করবেন খালেদা জিয়া। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী। জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘আদালতের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো।’ তবে কবে নাগাদ আপিল করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি এই আইনজীবী।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রোববার আদেশ দেন।

আদালত তার আদেশে বলেন, ‘সামারিলি রিজেক্টেট।’ এ আদেশের ফলে এ মামলার কার্যক্রম বিচারিক আদালতে যথারীতি চলবে বলে জানিয়েছেন দুদকে আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মাদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আল।

এসএম