বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।
সিটিসেলের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই তারিখ ধার্য করেন।
তরঙ্গ বরাদ্দ বাতিল করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত চেয়ে গতকাল সোমবার আবেদনটি করে সিটিসেল।
আজ আবেদনের ওপর শুনানি নেন চেম্বার বিচারপতি। আবেদনটি ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন তিনি।
আজ আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, এ এম আমিন উদ্দিন ও মাহবুব শফিক।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।বিটিআরসির পক্ষে ছিলেন শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব।
পরে সিটিসেলের আইনজীবী মাহবুব শফিক বলেন, তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের করা আবেদন ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। শুনানির মধ্য দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব বলেন, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেননি চেম্বার বিচারপতি। তাদের আবেদনটি ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। সে পর্যন্ত বিটিআরসির সিদ্ধান্ত বহাল থাকছে। অর্থাৎ, এই সময় পর্যন্ত সিটিসেল কোনো কার্যক্রম চালাতে পারবে না। ৩১ অক্টোবর পর্যন্ত সিটিসেল বন্ধই থাকছে।
বিটিআরসি সূত্র জানায়, ৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।
ওই দিন সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
এআই





