রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে মাদারীপুরের ফায়জুল্লাহ ফাহিম নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সর্বোচ্চ আদালতের এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠান। আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদারীপুরের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় নাটকীয়তা ও রহস্য রয়েছে। এ ঘটনা মানবাধিকার লঙ্ঘন, দেশের প্রচলিত ফৌজদারি আইন ও হেফাজত আইন এবং উচ্চ আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত গাইডলাইন ও আদেশের পরিপন্থী।

রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নাকি প্রকৃত ঘটনা ও দোষীদের নাম আড়ালে রাখতে তাঁকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান রিটকারী আইনজীবী জুলফিকার আলী।

উল্লেখ্য, গত ১৮ জুন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ফায়জুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এসএম