হোলে আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামি সোহেল মাহফুজক মিরপুর থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গতকাল সোহেল মাহফুজকে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম এ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড দেয়ার জন্য আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইতঃপূর্বে এ আসামি হোলে আটিজান রেস্তোরাঁয় হামলার মামলায় দুই দফায় রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়, এ আসামি ঢাকার কল্যাণপুরে জাহাজ বিল্ডিং বাসায় নিহত জঙ্গিদের ঘনিষ্ঠ সহযোগী এবং জেএমবির সক্রিয় সদস্য সে জেএমবি নেতা রকিবুল হাসান ওরফে রিগান ও বড়ভাই খ্যাত তামীম চৌধুরীসহ পলাতক অন্যান্য আসামির সাথে গোপন বৈঠক করে।
ওই বৈঠকে আসামিরা ঢাকার মিরপুর শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। কেন তারা এ ধরনের কাজের সাথে যুক্ত আছে তার মূল রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন। এ মামলায় মুফতি মাওলানা আবুল কাশেম রকিবুল হাসান রিগান বর্তমানে কারাগারে আটক আছেন।
এমএনজে





