রাজধানীর আরকে মিশন রোডে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির এসআর আসাদের (৩০) কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অভিসার সিনেমা হলের সামনে একটি বেকারির দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর আসাদ কিছু টাকা কালেকশন শেষে ওই বেকারির দোকানে আসে আরো কালেকশন করতে। এ সময় পেছন থেকে কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে।
তারা আসাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এক ছিনতাইকারী তখন পিস্তল বের করে তার মাথায় আঘাত করে। এসময় অন্য ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পরে আসাদকে উদ্ধার করে ওয়ারীর সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। আহত আসাদ জানিয়েছেন, ওই ব্যাগে ৩০ হাজার টাকা ছিল।
এ বিষয়ে ওয়ারী থানার এসআই ফেরদৌস রাইজিংবিডিকে জানান, আসাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে স্থানীয় কয়েকজন যুবক। তাদের ধরতে আশেপাশের পুরো এলাকায় অভিযান চালানো হচ্ছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





