গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাজীপুরের মধ্য ছায়াবীথি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), আব্দুর রউফের তিন ছেলে সজল (২৮), মো. তিথি (৩১) ও বাপ্পি (৩৩) এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল (৪২)।

আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছে। আব্দুর রউফের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য মদনপুরায়।

গাজীপুর আদালতের এপিপি আতাউর রহমান জানান, ‘পূর্বশত্রুতার জেরে আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে হত্যা করে। এ ব্যাপারে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভান্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।’

এমই