দিনাজপুরে মনোরঞ্জন শীল গোপাল এমপির উস্কানিতে ভিক্টোরি রেসিডেন্সিয়াল স্কুলে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের দশমাইল এলাকায় স্কুলের অদূরেই অনুষ্ঠিত সমাবেশের পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপালের সমাবেশ শেষেই উপস্থিত আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভিক্টোরি রেসিডেন্সিয়াল স্কুলে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে এবং অফিসের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। পরে তারা আগুন লাগিয়ে দেয়।
সমাবেশে এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে মানুষ সংগঠিত হয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। জামায়াত-শিবির ও জঙ্গিদের বিরুদ্ধে মানুষ আজ সেভাবেই সংগঠিত হয়েছে। যেখানেই জামায়াত-শিবির জঙ্গিরা আস্তানা গড়ছে সেখানেই আজ জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। ভাংচুরের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে বলেন, আপনাদেরকেও এখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ভাষণ দিয়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্যাডাররা ভিক্টোরি রেসিডেন্সিয়াল স্কুলে আগুন লাগিয়ে দিয়ে ব্যাপক ভাংচুর চালায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই স্কুলের অধ্যক্ষসহ ৭ শিক্ষককে জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এ ঘটনার ১ দিন পরেই স্কুলে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্কুলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় স্কুলের ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কাহারোল থানার ওসি মোঃ মনসুর আলী সরকার জানান, স্কুলটিতে আগুন লাগিয়ে দেয়ার পর পাকা বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

এসএ/টাইম