রাজধানীর মতিঝিল থানার চার মামলা ও রমনা থানার দুই মামলায় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে পাঁচ দিনের রিমান্ড শেষে ড. মাসুদকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় ওই ছয় মামলায় নয়দিন করে মোট ৫৪ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ।
দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও রেজাউল করিমের আদালত পৃথক পৃথক শুনানি শেষে মতিঝিল থানার চার মামলায় নয়দিন ও রমনা থানার দুই মামলায় পাঁচদিনসহ মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে ড. শফিকুল ইসলাম মাসুদসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে দুই মামলায় ১১ দিনের রিমান্ডে নেয়া হয় মাসুদকে।বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





