রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কিশোর গ্যাংয়ের সদস্যদের দণ্ড দেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেয়ার পর টঙ্গী কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।

আটকৃতরা হলেন, মো. জিসান (১৪), রায়হান (১৫), রাসেল হাওলাদার (১৬), সাদ্দাম হোসেন (১৬), বাপ্পি হোসেন (১৭), শাকিল বেপারী (১৬), সোহাগ শেখ (১৬), হৃদয় হোসেন (১৪), সাব্বরি হাওলাদার (১৬), রাব্বি হাওলাদার (১৭), নাঈম (১৬), মুন্না (১৬), সোহাগ (১৭), সাগর (১৬), সাব্বর প্রং সাব্বির বয়ান (১৬), মো. মহিউদ্দীন (২৫) ও রনি হোসেন (২২)।

আটককৃতদের প্রত্যেকের চুলের কাটিং, পোশাক ও জুতা একই ধরনের। যে কেউ দেখলে সহজেই বুঝতে পারবে তারা একই গ্রুপের সদস্য।

র‌্যাব জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর কিশোরেরা মাদক বিক্রি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের কাছে।

প্রত্যেকে মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় ১ বছর করে কারাদণ্ড দিয়ে টঙ্গীর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এএস