শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

কিশোর গ্যাং নির্মূলের বিষয়ে ওসিকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে তাঁকে দায়িত্বে রাখা হবে না। তিনি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চাঁদাবাজি প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, পাথরঘাটায় চাঁদাবাজির কোনো জায়গা নেই। চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে হয় ওসি থাকবেন, নয়তো চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী ও দখলবাজদের পাথরঘাটায় থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিজের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ তুলে চিফ হুইপ ওসিকে আউয়াল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আউয়ালসহ আরও একজন বর্তমানে পলাতক রয়েছেন। আউয়ালকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আসামি হিসেবে দেখানোর নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে নূরুল ইসলাম মণি বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ দখলবাজি বা চাঁদাবাজি করলে তাঁকে যেন জানানো হয়। প্রয়োজনে রাতে পাঠানো বার্তাও তিনি দেখবেন বলে জানান। কোস্টগার্ডের সোর্সদের সতর্ক করে তিনি বলেন, তাঁদের কেউ থানায় দালালি করলে তা বন্ধ করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হবে।

সমুদ্রে মাছ শিকারে ট্রলিং ট্রলারের ব্যবহার নিয়েও প্রশাসন ও কোস্টগার্ডের কর্মকর্তাদের সতর্ক করেন চিফ হুইপ। তিনি বলেন, রাত ১২টার পর ম্যাজিস্ট্রেট চলে গেলে ট্রলিং শুরু হয় এবং বরফকল চালু করা হয়। বাংলাদেশের অন্য এলাকায় ট্রলিং হলেও পাথরঘাটায় তা হতে দেওয়া হবে না বলে জানান তিনি। এ সময় পাথরঘাটায় ট্রলিং বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মণি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা, জেলে ও কৃষকদের সমস্যা, কর্মসংস্থান এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা নিয়ে সরকার চিন্তা করছে। দক্ষ তরুণদের কাজে লাগানো এবং তাঁদের স্বাবলম্বী করার উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসব ভাবনা থেকেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস