পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক ২৭ আগস্ট এ দিন ধার্য করেন। কারাগার থেকেঐশী রহমানসহ মামলার অপর দুই আসামি আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে আদালতে হাজির করা হয়।
এ সময় আইনজীবী ঐশীর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। সোমবার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এর আগে ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন হওয়ার পর রহস্যজনকভাবে পালিয়ে যায় ঐশী।
এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোটভাই মো. মশিহুর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১৭ আগস্ট তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। একই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের।
একই বছরের ৬ মে তাদের তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





