স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় বাগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেফতার করে।

১১ অক্টোবর ঢাকার হাজারীবাগ থানায় শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের স্ত্রী জাহানারা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সম্প্রতি যৌতুকের জন্য তার স্ত্রী জাহানারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

বিষয়টি জাহানারা তার ভাইবোনদের জানালে তারা তাদের বোনের সংসারে শান্তির কথা চিন্তা করে সেলিমকে কিছু টাকা যৌতুক দিয়ে শান্ত করেন। এর কিছুদিন পর সে আবার যৌতুকের জন্য স্ত্রী জাহানারাকে শারীরিক নির্যাতন শুরু করেন। এরপর ১১ অক্টোবর ঢাকার হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় সেলিমের বিরুদ্ধে একটি মামলা করেন তার স্ত্রী।

সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেলিমের কর্মস্থল বাগেরহাটের কচুয়া থানায় মামলার ওয়ারেন্ট পাঠালে থানা পুলিশ বুধবার বিকালে ওই শিক্ষা কর্মকর্তাকে তার কার্যালয় থেকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২-১ দিনের মধ্যে তাকে বাগেরহাটের জেলা কারাগার থেকে ঢাকার হাজারীবাগ থানায় নিয়ে আসা হবে।

কচুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মামলা এবং সেলিম তালুকদারকে জেলা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ