কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল গ্রামের গোলাম কিবরিয়াকে হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. সায়েদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তিন সহোদর শাহাদাৎ,আফজল ও দেলোয়ার হোসনে দিলু এবং মোবারক ও এমরুল। এমরুল ছাড়া বাকি চার জন পলাতক। সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্ত বাকি নয় জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়,২০০৬ সালের ২২ ডিসেম্বর বিকালে পূর্ব বিরোধের জের ধরে সেহরা প্রাইমারি স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে আসামিরা গোলাম কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।
[b]ঢাকা,২২ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)// জেএ[/b]