নিম্ন আদালতের যেকোনো অনাকাঙ্খিত ঘটনা তাৎক্ষণিকভাবে সুপ্রিমকোর্টকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত আজ এক সার্কুলারে বলা হয়, সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষের গোচুরীভুত হয়েছে যে, সম্প্রতি দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।
অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নকারী কর্তৃপক্ষ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে সুপ্রিমকোর্টকে জানানোর আবশ্যিকতা থাকলেও তা করা হচ্ছে না। ফলে সুপ্রিমকোর্ট দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না।
ভবিষ্যতে কোনো অনাকাঙ্খিত ঘটনা তাৎক্ষণিকভাবে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়কে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।
এই নির্দেশনা ব্যত্যয়কারীর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে সার্কুলারে বলা হয়।
এমবি





