রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগত্র (চার্জশিট) দাখিলের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামে একটি বাড়িতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জন জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রিগ্যান নামের এক আসামি আটক রয়েছেন।
এমএনজে





