বগুড়া পৌর শহরের চকফরিদ কলোনিতে সন্ত্রাসীদের হামলায় আহত আব্দুল বারী চান (৪০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল বারী চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ছিলেন।

চানের বড় ভাই মোজাহার আলী জানান, জমিজমা নিয়ে তাদের সঙ্গে এলাকার কিছু লোকের বিরোধ ছিল। এ নিয়ে চলা মামলাগুলো তার ভাই দেখাশোনা করতেন। আদালতে যাওয়ার উদ্দেশে বেড় হওয়ার পরপরই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, চানের স্ত্রী রুনা মাহমুদ গত ২ নভেম্বর একটি মামলা করেছেন। মামলায় তিনি জমিজমা নিয়ে বিরোধের কারণে তার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। হামলায় জড়িত পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচ জন জড়িত থাকার কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে।

এবিএস